প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সৃষ্টি করা ‘স্পিচ রাইটার’ পদে নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সাবেক অতিরিক্ত প্রেস সচিব নজরুল সচিব মর্যাদায় এই দায়িত্ব পালন করবেন।
গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অবসর-উত্তর ছুটি ভোগরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা মো. নজরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনে স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা নজরুল ২০০৯ থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কোটায় যুগ্ম সচিব এবং ২০১৭ সালে অতিরিক্ত সচিব পদে নিয়োগ পান। ওই বছরের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে যোগ দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে এ বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেড-১ মর্যাদায় অতিরিক্ত প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।