পাবনার চাটমোহরে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল্লাহ ওরফে জাহিদকে (২৮) আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র-গুলি ও মাদক। আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক আব্দুল্লাহ ওরফে জাহিদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল্লাহ’র ছেলে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এ এম ফজল-ই-খুদা পলাশ জানান, সোমবার সন্ধ্যার দিকে চাটমোহর উপজেলার আনকুটিয়া তাহেরের মোড় এলাকা থেকে আব্দুল্লাহ ওরফে জাহিদকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তার কিছু মাদক থাকার বিষয়ে তথ্য দেন পুলিশকে। রাত তিনটার দিকে তাকে নিয়ে মথুরাপুর সেন্ট রীটার্স হাইস্কুলের পাশে মাদক উদ্ধারে যায় পুলিশের একটি দল।
এ সময় সেখানে আগে থেকে ওৎপেতে থাকা সহযোগীরা জাহিদকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।
গোলাগুলির একপর্যায়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও আব্দুল্লাহ ওরফে জাহিদ বাম পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২ রাউন্ড তাজা গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহত হন দুই কনস্টেবল জিল্লুর রহমান ও শহিদুল ইসলাম। পরে আহত মাদক ব্যবসায়ীসহ দুই পুলিশ সদস্যকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত গুরুতর হওয়ায় জাহিদকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আটক আব্দুল্লাহ ওরফে জাহিদ পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে ১২টি মামলা রয়েছে।