উপজেলা পরিষদ নির্বাচনে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকায় এই নির্বাচন জৌলুশ হারাতে বসেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে একথা বলেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, “উপজেলা নির্বাচন সার্বিকভাবে অংশগ্রহণমূলক হচ্ছে না- এই সত্যকে মেনে নিয়েই নির্বাচন করতে হবে। ধারণা করা যায়, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন এবং ওই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। এটাই বাস্তবতা।”
তিনি বলেন, “নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য শব্দ দুটির ঔজ্জ্বল্য থাকে না। তারপরও আনুষ্ঠানিকতার কারণে নির্বাচন করে যেতে হয়। আমি মনে করি, পরিস্থিতি যাই হোক না কেন, নির্বাচনের মৌলিক কাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছে বিএনপি-প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ক্ষমতাসীন জোটের বাইরে থাকা বেশ কয়েকটি দল।
এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পর্যায়ের মতো স্থানীয় পর্যায়েও গণতন্ত্র একটি সুনির্দিষ্ট অবকাঠামোর ওপর প্রতিষ্ঠিত। কিন্তু বিশেষ কোনো আদেশ-নির্দেশে যদি সেই অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিরা আজ্ঞাবহ হয়ে পড়েন।
তিনি বলেন, নির্বাচনে যারা ভোটার, বিশেষত উপজেলা নির্বাচনে যারা ভোটার, তাদের অবস্থা সবচেয়ে নাজুক। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে এবং কার্যত ভোটারদের নিরাপত্তা বিধান করা না গেলে তারা ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত হন না।