জেলখানায় স্বামীকে দেখতে গিয়ে মাগুরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রেশমা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন মাগুরা শহরের পিটিআই পাড়ার বাসিন্দা। তার স্বামী রাব্বি হোসেন একাধিক মাদক মামলায় মাগুরা জেলখানায় বন্দী আছেন বলে পুলিশ জানিয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রেশমা খাতুন বিকেলে তার স্বামী রাব্বি হোসেনকে দেখতে ইজিবাইকে করে মাগুরা জেলখানায় যাচ্ছিলেন। ইজিবাইকটি মাগুরা সার্কিট হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় গলার ওড়না চাকার সঙ্গে জড়িয়ে টান লাগলে রেশমা নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।