যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়াইয়ের ইচ্ছা ব্যক্ত করেছেন গত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে ব্যর্থ হওয়া সিনেটর বার্নি স্যান্ডার্স।
স্থানীয় সময় মঙ্গলবার নিজ রাজ্য ভেরমন্টে সরকারি রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।
বিগত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেতে হিলারি ক্লিনটন ও স্যান্ডার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। হিলারি দলীয় মনোনয়নে স্যান্ডার্সকে হারালেও নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হন।
৭৭ বছর বয়সী স্যান্ডার্স বলেন, “দুই কারণে আমি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চাই।”
দুটি কারণ হলো- প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করা এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা ও ঘণ্টায় ন্যূনতম মজুরি ১৫ ডলার করাসহ ২০১৬ সালের আইডিয়াগুলো বাস্তবায়ন করা।
স্যান্ডার্স বলেন, “হোয়াইট হাউজের বর্তমান দখলকারী আমাদের জাতির জন্য লজ্জা। আমি মনে করি, তিনি একজন স্বভাবজাত মিথ্যুক। আমি মনে করি, তিনি একজন বর্ণবাদীও।... সংখ্যালঘু ও নিবন্ধনহীন অভিবাসীদের পুঁজি করে তিনি সস্তা রাজনৈতিক ফায়দা অর্জন করতে চান।”
তবে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্যান্ডার্সের জন্য দলীয় মনোনয়ন পাওয়া এত সহজ হবে না। ইতোমধ্যে আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়ার ঘোষণা দিয়েছেন সিনেটর কোরি বুকার, কমলা হারিস, অ্যামি ক্লোবাকার ও এলিজাবেথ ওয়ারেন।
ডেমোক্র্যাট মনোনয়ন লড়াইয়ের তালিকা আরও দীর্ঘ হতে পারে। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং টেক্সাস রিপ্রেজেনটেটিভ বেটো অ’রোর্ক এ পদের জন্য লড়তে পারেন বলেও গুঞ্জন রয়েছে।