বিশ্বের বহু দেশের চাইতে বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের বহু দেশের চাইতে বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করে এবং বর্তমান সরকারের নেতৃত্বে তা স্মরণকালে সবচেয়ে বেশি বিকাশ লাভ করছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দেশ থেকে আগত প্রেস কাউন্সিল প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের গণমাধ্যমকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই এবং সেই সাথে গণমাধ্যমের দায়িত্বশীলতাও সেই পর্যায়ে যাবে বলে আশা করি।’

তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, কাউন্সিল সচিব শাহ আলম, সদস্য মনজুরুল আহসান বুলবুল ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের উদাহরণ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাজ্যে ভুল তথ্য পরিবেশনের জন্য শত বছরের পুরানো পত্রিকার নিবন্ধনও বাতিল হয়ে যায়। সেখানকার হাউজ অব কমন্সের প্রতিনিধিকে নিয়ে ভুল তথ্য উপস্থাপনের জন্য বিবিসি’র নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে। বাংলাদেশে এমন কোনো ঘটনা কখনো ঘটেনি।’

তথ্যমন্ত্রী এসময় ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল ও তুরস্ক থেকে আগত প্রেস কাউন্সিল প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে প্রেস কাউন্সিল ক্রমেই সংবাদপত্র জগতে স্বচ্ছতা বৃদ্ধিতে অধিক কার্যকর ভূমিকা রাখছে।’

সাংবাদিকদের কল্যাণে সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন, জাতীয় সম্প্রচার নীতিমালা, অনলাইন গলমাধ্যম নীতিমালাসহ গণমাধ্যমকে বিকশিত করার বিভিন্ন কার্যকর প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী।

উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে সোমবার আয়োজিত প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে যোগদান উপলক্ষে ছ‘টি দেশের প্রেস কাউন্সিল প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন।