সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা নির্ধারণ ও প্রদর্শনের বিষয়ে কী ধরনের অগ্রগতি হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত কমিটিকে এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার একটি সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারীর আইনজীবী বশির আহমেদ। তিনি বলেন, ‘এর আগে হাইকোর্ট এক আদেশে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা টানানোর বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আদেশটি কার্যকর হয়নি। বিষয়টি আদালতকে অবহিত করলে আদালত পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।’ এর আগে রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৪ জুলাই এক আদেশে দেশের সব বেসরকারি হাসাপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা আইন অনুযায়ী প্রদর্শনের নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। এই নির্দেশনা ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলকে (বিএসডিসি) বিষয়টি তদারকি করতে বলা হয়। একই সঙ্গে এ বিষয়ে নীতিমালা তৈরি এবং তা বাস্তবায়নে ৬০ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। এছাড়া দেশের সব জেলার সদর হাসপাতালগুলোতে ৩০টি আইসিইউ বা সিসিইউ বেড স্থাপন করার নির্দেশ কেন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছিল হাইকোর্ট।