অপ্রস্তুত মাঠে প্রথম পয়েন্ট হারাল কিংস

আগের দিন নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে পা রেখেই মেজাজ বিগড়ে গিয়েছিল বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের। এমন মাঠে দেশের সর্বোচ্চ লিগের খেলা হয় কীভাবে! এবড়োথেবড়ো মাঠ দেখে এই স্প্যানিশ কোচ এতটাই বিরক্ত হয়েছিলেন, দলকে নিয়ে ঠিকভাবে অনুশীলনও করলেন না এই মাঠে। আর অপ্রস্তুত মাঠ হলে যা হয়, টানা পাঁচ ম্যাচ জয়ের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট হারাল তারায় ভরা কিংস। তাও আবার পয়েন্ট টেবিলের তলানির দল টিম বিজেএমসির সঙ্গে ম্যাচটা তারা শেষ করেছে গোলশূন্য। আগের পাঁচ ম্যাচে যেখানে তাদের ১০ গোল সেখানে কাল গোলের সুযোগ নষ্ট করে গোলই পেল না। আর দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারিয়ে এককভাবে শীর্ষে ওঠা হলো না কিংসের। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা আবাহনীর সংগ্রহ ১৮। তবে তারা খেলেছে এক ম্যাচ বেশি। ওদিকে বড় দলের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ায় সাত ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে তলানি থেকে উঠে এসে ১১তম বিজেএমসি।

শেখ জামালকে হারিয়ে লিগ শুরু করেছিল স্বাধীনতা কাপ শিরোপাজয়ী কিংস। এরপর তারা বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে লজ্জায় ডোবায় ৩-০ গোলে জিতে। পরের তিন ম্যাচে নোফেল, মুক্তিযোদ্ধা এবং রহমতগঞ্জের বিপক্ষে জয়ের ধারা অটুট থাকে দলটির। কিংস ১ পয়েন্ট যে পেয়েছে এতেই তাদের সন্তুষ্ট হওয়ার কথা। শেষ ১৩ মিনিট যে তাদের খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। ৭৭ মিনিটে তৈরি হওয়া বিজেএমসির বলার মতো একমাত্র গোলের সুযোগ নষ্ট করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী। বিজেএমসি কিপার আবুল কাসেম লিটনের লম্বা গোলকিক চলে এসেছিল বসুন্ধরার অর্ধে। সুযোগটা কাজে লাগাতে বল নিয়ে বক্সে ঢুকে যেতে চেয়েছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু। বিপদ বুঝে ইলিয়াসুকে পেছন থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন নাসির। প্রথমার্ধে মাঠে বলের নিয়ন্ত্রণ রাখতেই সমস্যায় পড়তে হচ্ছিল কিংসের। দ্বিতীয়ার্ধে গুছিয়ে উঠে বিজেএমসির অর্ধেই বল পায়ে রেখেছে। ৫৬ মিনিটে ডানদিকে থেকে কলিনদ্রেসের ক্রসে ভিনিসিয়াসের পোস্টের সামনে থেকে হেড কিপার আবুল কাসেম মিলন রুখে দেন। ৪ মিনিট পর ভিনিসিয়াসকে আবারও হতাশ করেন মিলন তার ফ্রি-কিক বামদিকে ঝাঁপিয়ে রুখে দিয়ে। ম্যাচের সেরা সুযোগটি ভিনিসিয়াস নষ্ট করেন ৬৫ মিনিটে। ডানদিক থেকে কলিনদ্রেসের মাপা ক্রস সুবিধাজনক স্থান থেকেও হেড করে জালে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান।

ষষ্ঠ ম্যাচে এসে হোঁচট খেলেও শীর্ষে ফেরার সুযোগটা পরের ম্যাচেই পাচ্ছে কিংস। পরের ম্যাচগুলো জিতলে প্রথম পর্ব শেষে তারাই থাকবে শীর্ষে। আবাহনীও যদি তাদের পরের ম্যাচগুলো জিতে নেয়, তবে প্রথম পর্ব শেষে কিংস এগিয়ে থাকবে ১ পয়েন্টে।