সব অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ও বেঞ্চকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত নবীনবরণ, ফাগুন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান বিচারপতি বলেন, ‘একজন আইনজীবীর জীবন কখনোই মসৃণ নয়। বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে আইনজীবীদের প্রয়োজন নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও সততা।’ নবীন আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘প্রতিটি মামলা পরিচালনায় শিক্ষা, মেধা ও বিচক্ষণতার প্রয়োগ হতে হবে। জেনেশুনে মামলার ঘটনার বিকৃত উপস্থাপনা করা একজন আইনজীবীর কখনোই উচিত নয়। সঠিক সাক্ষ্য-প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করা আইনজীবীদের মূল উদ্দেশ্য।’