লক্ষ্মীপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আবদুল হান্নান কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই মো. মান্নান বিরুদ্ধে। বুধবার ভোররাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই মান্নানকে আটক করা হয়েছে। নিহত আবদুল হান্নানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আবদুল হান্নান সদর উপজেলার পার্বতীনগরের আটিয়াবাজার এলাকার আবুল কালামের ছেলে।

নিহতের বাবা আবুল কালাম জানান, তার বড় ছেলে হান্নানের সঙ্গে ছোট ছেলে আবদুল মান্নানের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে।

এ কলহের জের ধরে ভোরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আবদুল মান্নান তার বড় ভাই হান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যান হান্নান।

এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে বাবা আবুল কালাম ছোট ছেলে মান্নানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সদর থানার এসআই রানা দাস জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবদুল মান্নানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।