‘পরকীয়ার জেরে’ ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন

রাজধানীর কামরাঙ্গীরচরে পরকীয়ার ঘটনায় ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কামরাঙ্গীরচর দিলু রোড মাহাতাব গ্যাস পাম্পের বিপরীত পাশে একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের নাম হেলাল (৪০)। মুমূর্ষু অবস্থায় তাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টায় তার মৃত্যু হয়।

হেলালের বাড়ি পাবনা সদর উপজেলার অনন্তচরে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

তাকে হাসপাতালে নিয়ে আসা মিন্টু মন্ডল জানান, হেলাল পাবনাতেই থাকতেন। এলাকারই আরেক মাছ ব্যবসায়ী বন্ধু মিঠুর স্ত্রী সাবিনার (৪০) সঙ্গে তার পরকীয়া সম্পর্ক হয়। তার জের ধরেই মঙ্গলবার দুপুরে সাবিনাকে নিয়ে হেলাল ঢাকার কামরাঙ্গীরচরে সাবিনার ছোট বোন ও ভগ্নিপতি মিন্টু মন্ডলের বাসায় চলে আসেন। পরে সেখান থেকে কিছু দূরেই আরেকটি বাসায় ভাড়ায় ওঠেন তারা।

মিন্টু মন্ডল আরও জানান, সাবিনা এক ছেলে ও এক মেয়ের জননী। মাকে খুঁজতে সাবিনার ছোট ছেলে সানি (২০) পাবনা থেকে ঢাকায় আসে আজ। পরে খবর পেয়ে দিলু রোডের মাহতাব গ্যাস পাম্পের পাশের ওই টিনশেড বাড়িতে যায় সানি। সেখানেই সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হেলালের ২ হাত, বাম পায় ও পিঠসহ শরীরের বেশ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে।

পরে খবর পেয়ে সাবিনার ছোট বোন ও ভগ্নিপতি মিন্টুই হেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।