‘নৌকার কোনো ব্যাকগিয়ার নেই, আছে শুধু ফ্রন্টগিয়ার’

স্বাধীনতার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা। এই নৌকার কোনো ব্যাকগিয়ার নেই, আছে শুধুই ফ্রন্টগিয়ার, ফ্রন্টগিয়ার, ফ্রন্টগিয়ার।

বুধবার রাজধানীর বালুঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৮ তারিখ (ফেব্রুয়ারি) আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমরা সবাই মিলে একটি সুন্দর নগরী গড়ে তুলব।

আতিকুল বলেন, “আমি কখনো ‘আমি’ মনে করি না, ‘আমি’ মানে হলো ‘আমরা’। আমরা সবাই মিলে ঢাকাকে সুন্দর করতে চাই। আমি কাজ করব, আর আপনারা আমাকে সাহস জোগাবেন। আমরা সবাই মিলে সুস্থ, সচল আধুনিক ঢাকা গড়তে পারব।”

পথসভায় ঢাকা উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএ মান্নান কচিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম মানিকদী বাজারে গণসংযোগ করেন। তাদের মাঝে নির্বাচনী ইশতেহার, লিফলেট ও প্রচারপত্র বিলি করেন।