সৌদি আরবকে পারমাণবিক বোমার প্রযুক্তি দিতে রীতিমতো উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের ডেমোক্র্যাট নেতৃত্বাধীন একটি প্যানেলের অনুসন্ধানে বিষয়টি উঠে আসে।
বিবিসি জানায়, সৌদি আরবের পারমাণবিক চুল্লি বানানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যানেলের কংগ্রেস সদস্যরা।
গোপন তথ্য ফাঁসকারী সংশ্লিষ্ট একজন ওই প্যানেলকে জানায়, পারমাণবিক অস্ত্রের বিস্তার মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। এই কর্মকাণ্ডের সঙ্গে যে সব মার্কিন সংস্থা বা গোষ্ঠী জড়িত তারা রীতিমতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছে এ প্রযুক্তি মধ্যপ্রাচ্যের দেশটির কাছে হস্তান্তর করতে।
গত ১২ ফেব্রুয়ারি ট্রাম্প পারমাণবিক প্রযুক্তিবিদদের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পারমাণবিক চুল্লির সম্ভাবনা নিয়ে তিনি তাদের সঙ্গে আলোচনা করেন।
ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জেরার্ড কুশনার ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনার অর্থনৈতিক এজেন্ডা নিয়ে এ মাসেই মধ্যপ্রাচ্য সফর করছেন।
এদিকে নীতিনির্ধারকরা বলছেন, পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করে মার্কিন আইন লঙ্ঘন করবেন ট্রাম্প। তাদের মতে, সৌদি আরব পারমাণবিক অস্ত্র অর্জন করলে তারা ওই অঞ্চলকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।