ভারতে সৌদি বিনিয়োগ ১০ হাজার কোটি ডলারে ‘পৌঁছাবে’

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সামনের দুই বছরে ভারতে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সুযোগ দেখছেন। একদিনের সফরে ভারতে পৌঁছানোর পর বুধবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সালমান বলেন, ‘ভারত এবং সৌদি আরবের অনেক সুযোগ রয়েছে। আমাদের সম্পর্ক ঐতিহাসিক। আশা করছি সামনের দুই বছরে আমাদের বিনিয়োগ এখানে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাকিস্তান সফরের কয়েক দিন পর সালমান মঙ্গলবার ভারতে আসেন। পাকিস্তানে তিনি দুই হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন।

দিল্লির বিমানবন্দরে নামার পর মঙ্গলবার সন্ধ্যায় সব প্রোটোকল ভেঙে সৌদি রাজপুত্রকে জড়িয়ে ধরে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে টুইটে মোদি লেখেন, ‘এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।’

বুধবার সকালে সৌদি রাজপুত্রকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে। এরপর মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর যৌথ বিবৃতি দেন দুজনে।

সৌদি আরবের আটটি প্রধান মিত্র দেশের মধ্যে ভারতকে অন্যতম মনে করা হয়। দু’পক্ষই নিজেদের মধ্যে থাকা সম্পর্ককে আরও মজবুত করতে চায় বলে জানিয়েছে কূটনীতিকরা।