ভুল স্বীকার করে যা বললেন সালমান মুক্তাদির (ভিডিও)

আলোচিত ও সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির এবার নিজের ভুল স্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করলেন। কিছুদিন আগে ‘অভদ্র প্রেম’ নামের একটি অশালীন ভিডিও প্রকাশ করেছিলেন ইউটিউবে। সেই ভিডিওর জেরেই তাকে গতকাল আটক করেছিল পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তিনটা থেকে সন্ধা পর্যন্ত সাইবার পুলিশ তাকে জেরা করে। শেষে মুচলেকা দিয়ে ছাড়া পান সালমান।

এদিকে বুধবার দুপুরে সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে তার নিজের ভুল স্বীকার করে কথা বলেছেন।

সালমান মুক্তাদির বলেন, ‘আমার একটা গান প্রকাশ হয়েছিল অভদ্র প্রেম শিরোনামে। যেই গানটি বাংলাদেশে পরিপ্রেক্ষিতে খুব বেশি তর্ক-বিতর্কের সৃষ্টি করে। গানটির জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে বলে এটা আমাদের দেশের কনটেক্সের বিপরীতে যায়। গানটি আমাকে নামিয়ে ফেলতে বলা হয়। আমি গানটি নামিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি এবং নামিয়ে দিয়েছি।’

সালমান মুক্তাদির আরও বলেন, ‘ভিডিওটি কোনোভাবেই আমাদের দেশের জন্য এক্সেপটেবল না। আমি চেষ্টা করব গানটির ভিডিও আমাদের দেশের উপযোগী করে নির্মাণ করার জন্য। এ ছাড়া আমাদের নিরাপদ ইন্টারনেটের যে ক্যাম্পেইন হচ্ছে সেটার সমর্থন করছি। আমি আশাবাদী এই ক্যাম্পেইনের একজন অ্যাম্বাসেডর হতে পারব। আমি সবাইকে আমন্ত্রণ জানাব এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য এবং এটাকে সাধুবাদ জানানোর জন্য।’

উল্লেখ্য সালমান মুক্তাদির ‘অভদ্র প্রেম’ নামের একটি গানটি ইউটিউবে উন্মুক্ত করেন ৯ ফেব্রুয়ারি। এরপর থেকেই গানটি নিয়ে প্রচুর সমালোচনার জন্ম হয়।

অশ্লীল সেই গানের খবর পৌঁছে যায় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারের কাছেও। তিনি সালমান মুক্তাদিরকে খুঁজতে নিজের ফেসবুকে সোমবার একটি পোস্টও দেন। সেই পোস্টের একদিনের মাথায় সালমান মুক্তাদিরকে আটক করে নিয়ে যায় পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ।

পুলিশ জানায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের সেইফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে আনে।

সালমানের গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে চলে তীব্র সমালোচনা। গানটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দিয়ে ফেসবুকে চলছে তর্ক-বিতর্কও। এদিকে গানটিতে ১৮ লাখেরও বেশি ভিউ হয়েছিল। গানটি যে দর্শকদের মনে ধরেনি তা বোঝা যায় সেটিতে পড়া লাইক-ডিসলাইকের সংখ্যা দেখে।  ইউটিউবে গানটিতে লাইক দিয়েছেন ৪২ হাজারের বেশি দর্শক। বিপরীতে ডিসলাইক দুই লাখ ছাড়িয়েছে। শুধু ডিসলাইকই নয়, গানটি প্রকাশের পর থেকে ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও রাতারাতি কমে যায়। শুধু সেই গান নয়, দীর্ঘদিন ধরেই নানা ধরনের অপ্রাসঙ্গিক ভিডিও প্রকাশ করে আসছিলেন সালমান মুক্তাদির। তিনি মডেল জেসিয়ার সঙ্গে প্রেম ও বিচ্ছেদের কারণেও বেশ বিতর্কিত হয়েছিলেন। জেসিয়ার সঙ্গে নানা অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করেও সমালোচিত হয়েছিলেন সালমান।