পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১২২ উপজেলায় ভোটে হবে ৩১ মার্চ।
এতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ সোমবার, বাছাইয়ের দিন ৬ মার্চ বুধবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ রবিবার।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছে। চতুর্থ ধাপে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের ১৬ জেলার ১২২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এখানকার সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।’
চতুর্থ ধাপে পাঁচ বিভাগের যে ১২২ উপজেলায় ভোট হবে, সেগুলো হলো বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফল উপজেলা; ভোলা জেলার ভোলা সদর, মনপুরা, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও লালমোহন উপজেলা; বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা এবং পিরোজপুর জেলার পিরোজপুর সদর, ইন্দুরকানী, মঠবাড়ীয়া, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা। খুলনা বিভাগের যশোর জেলার যশোর সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা; খুলনা জেলার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রুপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা এবং বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোংলা, মোরেলগঞ্জ, চিতলমারী, কচুয়া, রামপাল, ফকিরহাট ও শরণখোলা উপজেলা।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা উপজেলায়। ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, টংগিবাড়ী ও গজারিয়া উপজেলা; নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা; ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা এবং টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, বাসাইল ও সখিপুর উপজেলা।
চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার তিতাস, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, মেঘনা ও মোহনা উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচর, চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলা; ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়, কসবা, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর উপজেলা এবং ফেনী জেলার ফেনী সদর, ফুলগাজী, সোনাগাজী, দাগণভূঁঞা, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা।