বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ১০ ভাগ গরিব রোগীর চিকিৎসা নিশ্চিতে রিট

দেশের প্রতিষ্ঠিত ৭৭ বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের বিনামূল্যে ১০ ভাগ শয্যা ও চিকিৎসার বিধান পালনে স্বাস্থ্য অধিদপ্তরের যে নীতিমালা রয়েছে তা পালনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদনটি করেন।

কার্যতালিকায় আসলে আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

তিনি আরো জানান, রিট আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, দেশের সব জেলার সিভিল সার্জন, ৭৭ বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স দেশ রূপান্তরকে বলেন,  স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতিমালায় রয়েছে, গরীব ও অসহায় রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে ১০ ভাগ শয্যা বরাদ্দ রাখাসহ ওই রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি জানান, কিন্তু ৭৭ খ্যাতনামা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই বিধান একেবারে প্রতিপালিত হচ্ছে না। নীতিমালা থাকার পরও গরিব রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্যই জনস্বার্থে এ রিট আবেদন করা হয়েছে।

তিনি বলেন, ‘ওই নীতিমালা পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে যেন নির্দেশনা দেওয়া হয় রিট আবেদনে সেই নির্দেশনা চেয়েছি’।