রাজধানীর ধানমন্ডি এলাকার মিরপুর রোডে একটি বাসে আগুন লেগে পাঁচ যাত্রী আহত হয়েছেন। গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে এ আগুন লাগে বলে জানা গেছে। এ সময় একটি পিকআপ ভ্যানেও আগুন লাগে।
বুধবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত সানরাইজ প্লাজার সামনে '৭' নম্বর বাসে আগুন লাগে। মোহাম্মদপুরের ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, রাস্তার পাশের গ্যাস লাইনের ছিদ্র থেকে বাসে আগুন লাগে।
এ ঘটনায় পাঁচ বাসযাত্রী আগুনে আহত হন বলে জানান তিনি। ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেভায়।
আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলেও তিনি জানান।
এ ঘটনায় ওই সড়কের একপাশ বন্ধ করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কের ওই অংশ থেকে গ্যাস নির্গত হচ্ছিল।