কুশল পেরেরার মহাকাব্যিক ১৫৩ রানের অপরাজিত ইনিংসটিই আসলে বদলে দিয়েছে সবকিছু। ডারবান টেস্টে ২২৬ রানে ৯ উইকেট পড়ার পর ৭৮ রানের জুটি গড়েছিলেন পেরেরা ও বিশ্ব ফার্নান্দো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ উইকেটের এই রূপকথার গল্পই শ্রীলঙ্কার আত্মবিশ্বাস বহু গুন বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পোর্ট এলিজাবেথ টেস্টে তাই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে সফরকারী দল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জেতেনি শ্রীলঙ্কা। প্রথম টেস্ট জিতে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে দলটি। এখন পোর্ট এলিজাবেথ টেস্ট ড্র হলেই সিরিজ জিতে যাবে লঙ্কানরা। যে ছন্দে খেলছে তারা, তাতে ইতিহাস গড়ার স্বপ্ন এখন দেখতে দোষের কি!
কুশল পেরেরা যে ব্যাটিং করেছেন দক্ষিণ আফ্রিকার বিশ্বখ্যাত পেস আক্রমণের বিপক্ষে তাতে দলের আত্মবিশ্বাস কয়েক গুন বেড়ে যাওয়ার কথা। এ ছাড়া কাসুন রাজিথা এবং সুরাঙ্গা লাকমলও দারুণ শৃঙ্খলার সঙ্গে বোলিং করেছেন। আর অভিষিক্ত লাসিথা এম্বুলডেনিয়ার কথা বলাই বাহুল্য। ডারবান টেস্টে তিনি পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ের মঞ্চ প্রস্তুত করেছিলেন।
তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা কেমন দল তা ক্রিকেট বিশ্বের অজানা নয়। ওখান থেকে সিরিজ জিতে ফেরা দুনিয়ার কঠিন কাজ গুলোর অন্যতম। তা ছাড়া দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিশ্বসেরা। যদিও পোর্ট অব এলিজাবেথের উইকেট কিছুটা স্লো। তবে ওই মাঠে পেস বোলারদের সাফল্য পাওয়ার অনেক নজির আছে।
এই টেস্টে স্বাগতিকদের হয়ে খেলতে পারেন উইয়ান মুলদার। যথারীতি টপ অর্ডারের আছেন ডিন এলগার, আইডেন মারকরাম, হাশিম আমলা এবং ফ্যাফ ডু প্লেসিস। এই চার ব্যাটসম্যান প্রতিপক্ষ বোলারদের ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
বোলিংয়ে কাগিসো রাবাদা, ডেল স্টেইন এবং দুয়ানে অলিভিয়ের তো আছেনই। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারনন ফিল্যান্ডার খেলতে পারবেন না। তার জায়গায় খেলতে পারেন অল অলরাউন্ডার মুলদার। পোর্ট এলিজাবেথে অনুশীলনের সময় গোড়ালিতে হালকা চোট পেয়েছেন কুশল মেন্ডিস। তবু ধারণা করা হচ্ছে এই টেস্টে উইনিং কম্বিনেশন ভাঙবে না শ্রীলঙ্কা।