কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় নিহত ইটভাটার ১৩ শ্রমিকের পরিবারকে এক লাখ করে এবং আহত দুই শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে কাজী অ্যান্ড কোং ব্রিক ফিল্ড কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন হতাহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের এ চেক তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবদুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজা-উদ দৌল্লাহ, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুকুম আলী খান ও শিমুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের নারায়ণপুর গ্রামে কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটার শ্রমিক শেডে কয়লাভর্তি ট্রাক উল্টে ঘটনাস্থলে ১৩ জন নিহত ও ২ জন আহত হন। হতাহতদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ও শিমুলবাড়ি।