সেনাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করছে রাশিয়া

দায়িত্ব পালনের সময় সেনাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করছে রাশিয়া। সেনাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি।

বিবিসি জানায়, সেনাদের স্মার্টফোনে ব্যবহার নিষিদ্ধের জন্য বিল পাশ করতে রুশ পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়।

ছবি তোলা, ভিডিও ধারণ এবং ইন্টারনেটে ব্যবহারের সক্ষম হওয়ায় স্মার্টফোন নিষিদ্ধের জন্য এ বিল আনা হয়।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এ আইন পাশ হয়। সাড়ে চারশ আইনপ্রণেতার চারশ জন এ ভোটাভুটিতে অংশগ্রহণ করে।

তবে পুরোপুরি কার্যকরের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে পাশ হতে হবে। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষর করলেই আইনটি পুরোপুরিভাবে কার্যকর হবে।

তবে সাধারণ কথাবার্তা ও বার্তা আদান প্রদানের জন্য সেনারা স্বাভাবিক ফোন ব্যবহার করতে পারবেন। তবে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ ব্যবহার করতে পারবেন না তারা।

এর আগে ২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে সেলফি সহ কোনো তথ্য দেওয়ার ব্যাপারে রুশ সেনাদের সতর্ক করে দিয়েছিল দেশটি।