কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিবকে (৪৫) দশ হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত হাবিবের মালিকানাধীন মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
আটক হাবিব উল্লাহ কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি সম্পর্কে রামুর খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম চৌধুরীর মেয়ের জামাই বলে জানা গেছে।
রামু থানার ওসি মো. আবুল মনছুর সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী একটি নোয়াহ মাইক্রোবাসে (চট্ট মেট্রো গ ১১ ৪৪৩৬) তল্লাশি করে তুলাবাগান হাইওয়ে থানার পুলিশ গাড়ির ডেজবোর্ডের ভেতর থেকে ৫টি প্যাকেটে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
ওসি জানান, হাবিব উল্লাহকে রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।