চিকিৎসার জন্য ব্রাজিল যাচ্ছেন নেইমার

পায়ের চোটের চিকিৎসায় তারকা ফরোয়ার্ড নেইমারকে তার দেশ ব্রাজিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

গত ২৩ জানুয়ারি স্ত্রাসবুরের বিপক্ষে খেলার সময় ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হারে চোট পান নেইমার। চোটের কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিল অধিনায়ক।

গত মৌসুমেও একই জায়গায় চোট পেয়ে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

তবে নেইমারকে ছাড়াই দাপট দেখাচ্ছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে রয়েছে তারা। ফিরতি লেগে নিজেদের মাঠে কোনো অঘটনের শিকার না হলেও শেষ আটে টিকিট যাবে টমাস টুখেলের দল।

ইউরোপ সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে পিএসজি শিবিরে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের। তার চোট কাটিয়ে ওঠার ধারা অন্তত সে জানানই দিচ্ছে। কোয়ার্টার-ফাইনালে ফিট নেইমারকে পেতে কার্যকর সব পদক্ষেপ নিচ্ছে পিএসজিও।

ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসালের চোটের চিকিৎসার অংশ হিসেবেই পিএসজি নেইমারকে ব্রাজিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মেডিক্যাল দলের সঙ্গে বৃহস্পতিবার ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার প্যারিস ছাড়বেন।