আইএসের নারী প্রচারককে ‘ফিরতে দেবেন না’ ট্রাম্প

আইএসের প্রচারক হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া হুদা মুথানাকে আর দেশে ঢুকতে দেবেন না ডোনাল্ড ট্রাম্প। টুইটারে তিনি জানিয়েছেন, মুথানার ফেরা আটকাতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

মুথানার পরিবার এবং আইনজীবীরা চেষ্টা করছেন তাকে আমেরিকায় ফিরিয়ে আনার।

বিবিসি জানিয়েছে, মুথানা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাবামায় বড় হন। ২০ বছর বয়সে তিনি সিরিয়ায় পালিয়ে যান। ৪ বছর আগে দেশ ছাড়ার সময় পরিবারকে বলেন তুর্কিতে বিশ্ববিদ্যালয়ের একটি ইভেন্টে যাচ্ছেন।

সিরিয়ায় গত কয়েক মাসে আইএস দুর্বল হয়ে পড়েছে। যারা বেঁচে আছেন, তারা আত্মসমর্পণ করছেন। এমন পরিস্থিতিতে কয়েক দিন আগে শামিমা বেগম নামের এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ব্রিটেনে ফিরতে চেয়ে ব্যর্থ হন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া তিন তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে শামিমা বেগম (১৯) এবং খাদিজা সুলতানা (২০) ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

মুথানার আইনজীবী হাসান শিবলি বিবিসিকে বলেন, ‘ট্রাম্পের বক্তব্য ভ্রান্ত কথাবার্তা। আমরা মুথানার আমেরিকান নাগরিকত্ব নিয়ে আদালতে লড়াই করবো।’