চকবাজার ট্র্যাজেডি

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে সহমরণে গেলেন স্বামী

রিয়া ও রিফাত দম্পতির বিয়ে হয় দু'বছর আগে। চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের 'ওয়াহিদ ম্যানসন'-এর তৃতীয় তলায় থাকতেন তারা। তাদের সংসার জীবনে তৃতীয় প্রাণের আবির্ভাব ঘটে মাস কয়েক আগে। কিন্তু কে জানত ভয়াবহ এক পরিণতি অপেক্ষা করছিল তাদের জন্য।

বুধবার চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির আগুনে মারা যান রিয়া ও রিফাত। 

তাদের বন্ধু আল-আকসার সাজিদ বলেন, 'আগুন লাগার পর রিফাতের সঙ্গে কথা হয় তার।  রিয়াকে নামাতে না পারায় নিজেও নামেনি রিফাত।'

তিনি বলেন, স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তিনতলা থেকে নামাতে পারেননি বলে নিজেও নামেননি রিফাত। অনাগত সন্তানসহ দু'জনেরই হয়েছে এক মর্মান্তিক মৃত্যু।    

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে তাদের বন্ধু সাজিদ বলেন, তিনি আরো জানান, 'মাত্র দুই বছর আগেই সংসার জীবন শুরু করেন তারা। এদিকে এ পরিস্থিতিতে রিয়া-রিফাত দম্পতি পরিবারের সদস্যদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনিই এসেছেন, তবে চেহারা দেখে মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না তাদের'।

এর আগে সকালে আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ৭০টি লাশ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রেডক্রসের প্রতিনিধিরাও মরদেহ শনাক্তকরণে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।