গাইবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত বুধবার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহারিয়া খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি মামলার কথা গোপন করেছিলেন। সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ সারোয়ার কবীরের মনোনয়নপত্রে জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের সঙ্গে তদন্তে পাওয়া স্বাক্ষরের গরমিল এবং পলাশবাড়ীতে উপজেলা বিদ্রোহী প্রার্থী তৌফিকুল আমিন ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ছাড়া চেয়ারম্যান পদে সাদুল্লাপুরে আজিজার রহমান, গোবিন্দগঞ্জে কামরুল হাসান, ফেরদৌস আলম ও নাজমুল ইসলাম, সাঘাটায় মাছুদুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।