ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণে তারেক রহমানের সবুজ সংকেত

দাবি না মানলেও আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র  সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।

শুক্রবার ডাকসু নির্বাচনের জন্য প্যানেল নির্ধারণ করা হতে পারে। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ম্যারাথন বৈঠকে এ সিদ্ধান্ত দেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন একাধিক ছাত্রদল নেতা।

রাতে ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দেশ রূপান্তরকে জানান, তারা ছাত্রদলের নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। আলোচনা করেছেন। দাবি আদায়ে আন্দোলন চলবে। তাছাড়া ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে নেই। ছাত্রদলের নেতা কর্মীরা আগে ক্যাম্পাসমুখী হোক। তারপর সময় হলে ডাকসু নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  নেবেন তারা।

নেতারা জানান, বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে স্কাইপের মাধ্যমে সংযুক্ত ছিলেন তারেক রহমান। প্রথমে বর্তমান ছাত্রদল নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। পরে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত জানান তারেক রহমান।

ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও ডাকসু নির্বাচনের তফসিল তিন মাস পেছানো, হলে ভোটগ্রহণ না করে প্রশাসনিক ভবনে ভোট গ্রহণ, ক্যাম্পাসে ও হলে সহাবস্থান নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাবে ছাত্রদল। তবে দাবি পূরণ না হলে শেষ পর্যন্ত নির্বাচনে যাবে ছাত্রদল।   

বৈঠকে এ্যানী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।