দীপিকার সাবেক প্রেমিককে বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা

বিয়ে করলেন হিন্দি সিনেমার জনপ্রিয় গায়িকা নীতি মোহন। তার বর হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক মডেল-অভিনেতা নীহার পান্ডিয়া।

রিয়্যালিটি শো থেকে বলিউডে নাম লেখান নীতি। বর্তমানে ওই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। শ আসমান, জিয়া রে, খিচ মেরি ফটোর মতো জনপ্রিয় গান শোনা গেছে তার গলায়।

অন্যদিকে মডেলিং জগতের পরিচিত মুখ নীহার। বলিউডে পা রেখেছেন কঙ্গনা রনৌতের ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ সিনেমার মাধ্যমে।

অভিনয়ের চেয়ে দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক হিসাবেই বেশি পরিচিত নীহার। মডেলিং করতে মুম্বাই এসে নীহারের প্রেমে পড়েন দীপিকা। তবে রণবীর কাপুরের সঙ্গে পরিচয়ের পর সেই প্রেম ভেঙে যায়।

দীপিকার সঙ্গে ব্রেকআপের পর অনেক দিন সম্পর্কে জড়াননি নীহার। নীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু বছর খানেক আগে। দুজনে কাছাকাছি আসার পর পরিবারের সঙ্গে নীহারের আলাপ করিয়ে দেন নীতি। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

হায়দরাবাদের ফলকনামা প্যালেসে নীতি ও নীহারের বিয়েতে যোগ দেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সঙ্গে ছিলেন ক্যানসারের বিরুদ্ধে লড়ে চলা স্ত্রী তাহিরা। আরও আসেন টেনিস তারকা সানিয়া মির্জা। সঙ্গে ছিলেন বোন আনম।