ভারতকে সমুচিত জবাব দিতে সেনাবাহিনীকে ইমরানের অনুমতি

ভারতের যে কোনো ধরনের হামলার সমুচিত জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলজাজিরা জানায়, সম্মেলনে উপস্থিত ছিলেন প্রশাসন ও সামরিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

এতে ইমরান খান বলেন, পাকিস্তান তার জনগণকে রক্ষা করতে সক্ষম এবং এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ সেটি আমরা দেখিয়ে দিতে চাই। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মত হন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

সম্মেলনের পর বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের যে কোনো আগ্রাসন বা অপচেষ্টার সমুচিত ও সর্বাত্মক জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি কাশ্মীরের পুলওলামায় বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ এক আত্মঘাতী হামলায় সিআরপিএফের ৪৪ সদস্য নিহত হওয়ার পর পাকিস্তানকে দোষারোপ করে ভারত। পাকিস্তানকে যে কোনো সময় যে কোনো ধরনের জবাব দিতে সেনাবাহিনী অনুমতি দেয় বিজেপি সরকার।

ওই হামলার ঘটনায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ দায় স্বীকার করে। ভারতের দাবি, পাকিস্তানের সেনা হাসপাতালে বসে এ হামলার পরিকল্পনা করা হয়েছে।

ইমরান বলেন, পাকিস্তান প্রত্যক্ষ ও পরোক্ষ কোনোভাবেই এ হামলার সঙ্গে জড়িত ছিল না। অথচ বলা হচ্ছে- এটি পাকিস্তানের পরিকল্পনা এবং আমরাই এটি সংগঠিত করেছি।

তিনি এ ঘটনার তদন্তে সহায়তা করার ভারতকে প্রস্তাব দেন। তিনি বলেন, পাকিস্তানের ভূমি ব্যবহার করে কেউ ভারতে হামলা চালিয়েছে তদন্তে এমনটা পাওয়া যায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।