চকবাজার ট্র্যাজেডিতে নিহত পটুয়াখালীর এনামুল হক ও মজিবুর হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের রামপুরা ও সন্তোষপুর গ্রামে আলাদা আলাদা জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন সরকারি সংস্থা। তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই অগ্নিকাণ্ডে নিহত এনামুল হক ও মজিবুর হাওলাদারের লাশ শুক্রবার ভোর রাতে কাঁঠালতলি গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ সময় স্বজনদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারেনি উপস্থিত মানুষ।
জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের রামপুর গ্রামের কাজী আবদুল মোতালেবের ছেলে কাজী এনামুল হক অভি ঢাকায় পড়াশুনা শেষ করে চাকরি জীবন শুরু করেছিলেন। আর সন্তোষপুর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মজিবুর হাওলাদার চকবাজারে দীর্ঘ দিন যাবৎ একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। চকবাজারের স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা দুজনেই নিহত হয়।