শাহরুখকে ডিগ্রি প্রদানে সরকারি বাধা

বলিউড অভিনেতা শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিলেও সরকারি অনুমতি না পাওয়ায় পিছিয়ে এলো দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (জিএমআই)।

হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির অনুরোধ প্রত্যাখ্যান করেছে ভারতের মানব শক্তি উন্নয়ন মন্ত্রণালয়। তাদের যুক্তি শাহরুখ অন্য বিশ্ববিদ্যালয় থেকে এর আগে একই ধরনের ডিগ্রি লাভ করেছেন।

শাহরুখ জিএমআই-এর সাবেক ছাত্র। ডিগ্রি গ্রহণের প্রস্তাবে এর আগে তিনি সম্মতি জানিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তারা মানব শক্তি উন্নয়ন মন্ত্রণালয়কে শাহরুখকে ডিগ্রি প্রদান নিয়ে চিঠি দেয়। কিন্তু উত্তরে জানানো হয়, ২০১৬ সালে মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি (এমএএনএনইউ) থেকে একই ধরনের ডিগ্রি গ্রহণ করেন শাহরুখ। তাই প্রস্তাবটি অগ্রাহ্য করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, এক ব্যক্তিকে একাধিকবার ডিগ্রি প্রদান সম্পর্কে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে এ ধরনের কাজকে সাধারণত ‘নিরুৎসাহিত’ করা হয়ে থাকে। তাই তারা প্রস্তাবটিতে অস্বীকৃতি জানান।

জিএনআই-এ শাহরুখ গণমাধ্যম গবেষণাকে কেন্দ্রের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তবে ক্লাসে কম উপস্থিতির কারণে সর্বশেষ পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তবে এ বিষয়ে শাহরুখ খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ তারকাকে সর্বশেষ দেখা গেছে ‘জিরো’ ছবিতে। সিনেমাটির ব্যর্থতার পর নতুন কোনো ঘোষণা দেননি তিনি। তবে শোনা যাচ্ছে, হিট সিনেমা ‘ডন’-এর তৃতীয় কিস্তি নিয়ে বড়পর্দায় ফিরবেন কিং খান।