তের বছরের শিশু ৪৮ ঘণ্টা না খেয়ে খেলছে অনলাইন গেম!

অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে রীতিমতো খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে এক শিশু। ফিলিপাইনের ১৩ বছরের ওই শিশু টানা ৪৮ ঘণ্টা ধরে পড়ে আছে এক ইন্টারনেট ক্যাফের গেম সেশনে। এ সময় মা এসে জোর করে ছেলের মুখে খাবার তুলে দেন।

ডেইলি মেইল জানায়, গেমে আসক্ত এ শিশু নিয়ে বিপাকে পড়েছেন ফিলিপাইনের নুয়েভা ইসিজা এলাকার লিলিবেথ মারভেল (৩৭) নামের এ নারী।

তিনি জানান, দুই বছর আগে তার ছেলে ক্যারলিটো গার্সিয়া ইন্টারনেটে গেম খেলার নেশায় পড়ে। এনিয়ে তিনি ভারী দুশ্চিন্তায় আছেন।

এ সপ্তাহে স্থানীয় এক ইন্টারনেট ক্যাফেতে টানা ৪৮ ঘণ্টার এক গেম সেশনে ‘রুলস অব সার্ভাইভাল’ খেলতে অংশগ্রহণ করে গার্সিয়া। গেমের প্রতি মনোযোগ রাখতে সে খাওয়া-দাওয়া পর্যন্ত ছেড়ে দেয়। মা লিলিবেথও তাকে গেম খেলা থেকে ছাড়িয়ে আনতে পারেননি।

শেষমেশ নিরুপায় হয়ে মা নিজেও বাড়ি থেকে ওই ক্যাফেতে খাবার নিয়ে গিয়ে মুখে তুলে খাইয়ে দেন। খাওয়ার পুরোটা সময়ই ছেলের চোখ একবারের জন্যও স্ক্রিন থেকে সরেনি।

প্রসঙ্গত, ‘রুলস অব সার্ভাইভাল’ হচ্ছে অনলাইনে বহুল জনপ্রিয় একটি গেম। বিশ্বব্যাপী দেড়শ’ মিলিয়নের চেয়েও বেশি মানুষ এটি খেলে থাকে।

মূলত যুদ্ধক্ষেত্রে অন্যদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরে আসার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে ২০১৮ সালে নেটইজি গেম নামে বিখ্যাত চীনা কোম্পানি এটি বানায়।