দীর্ঘ ৩৮ বছর পর আবার পৃথিবীর বৃহত্তম মৌমাছির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ইন্দোনেশিয়ার একটি দ্বীপে এটির খোঁজ মিলেছে।
কয়েক দিন ধরে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ‘ওয়ালেসের দৈত্য’ নামে পরিচিত এই ধরনের মৌমাছির খোঁজ করছিলেন। এর প্রথম দেখা মেলে ১৮৫৮ সালে। ব্রিটিশ প্রকৃতিবিদ রুসেল ওয়ালেস এর সন্ধান পান। ১৯৮১ সালেও এই ধরনের মৌমাছির দেখা মেলে। তারপর থেকে আর দেখা যায়নি।
গত জানুয়ারিতে, একটি দল ইন্দোনেশিয়ায় এই মৌমাছির খোঁজ করতে আসেন।
বিবিসি জানিয়েছে, এই মৌমাছি লম্বায় প্রায় ৪ সেন্টিমিটার। সাধারণ মৌমাছির থেকে প্রায় চারগুণ লম্বা।
মৌমাছিটির ছবি তুলেছেন ক্লে বোল্ট। বিবিসিকে তিনি বলেন, ‘মৌমাছিটিকে দেখার পর মনে হচ্ছিল উত্তেজনায় নিশ্বাস বন্ধ হয়ে যাবে। আমরা জানতাম না আসলেই এই মৌমাছির অস্তিত্ব এখনো আছে কি না। এটি দেখতে বড় এবং অনেক সুন্দর। শব্দ করে ওড়ে। আমার মাথার পাশ দিয়ে যখন যাচ্ছিল জাস্ট অবিশ্বাস্য মনে হয়েছে।’