উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে হবিগঞ্জ জেলার সব কটি উপজেলাতেই আওয়ামী লীগের প্রার্থীদের গলার কাঁটা হিসেবে বিদ্রোহী প্রার্থীরা অনড় রয়েছেন। অপরদিকে দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপির ৪ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন।
হবিগঞ্জ জেলায় ৯টি উপজেলা। প্রথম ধাপে শায়েস্তাগঞ্জ উপজেলা ব্যতীত ৮টি উপজেলায় নির্বাচিত অনুষ্ঠিত হচ্ছে আগামী ১০ মার্চ।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিদ খান এমপি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। দলের সভায় আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মনোনীত ২ প্রার্থী বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির প্রধান কারণ হবে দলের বিদ্রোহীরা।
জানতে চাইলে উল্লেখিত ৪ নেতা দেশ রূপান্তরকে বলেন, স্থানীয় নির্বাচন হিসেবে দলীয় নেতা কর্মীদের চাপের মুখে ভোটের মাঠে নেমেছেন। এতে দল আরও সুসংগঠিত হবে।
হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। একই দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বানিয়াচং উপজেলায় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবুল কাশেম চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। আজমিরীগঞ্জ উপজেলায় নৌকার প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুর্তজা হাসান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন। আওয়ামী লীগের সমর্থক এই স্বতন্ত্র প্রার্থীর পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আতর আলী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
লাখাই উপজেলায় দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদ।
চুনারুঘাট উপজেলায় নৌকার প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
মাধবপুর উপজেলায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এহতেশামুল বার চৌধুরী লিপু।
এদিকে বিএনপির যে ৪ নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তারা হলেন, আজমিরীগঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালেদুর রহমান ঝলক, চুনারুঘাটে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হোসেন, মাধবপুরে উপজেলায় জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, বানিয়াচঙে জেলা বিএনপির সহ সভাপতি মঞ্জুর উদ্দিন শাহীন অ্যাডভোকেট।