যারা পেট্রলবোমায় মানুষ মারে তাদের অগ্নিকাণ্ড নিয়ে সমালোচনা শোভা পায় না: তথ্যমন্ত্রী

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন যারা পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে অমূলক সমালোচনা শোভা পায় না।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মর্মান্তিক এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিক নির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তৎপর রয়েছে।

এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করতে বিএনপির সহায়তা করা উচিত বলে যোগ করেন মন্ত্রী।

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণশুনানির নামে নাটক না করে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো।

ড. হাছান মাহমুদ বলেন, শিল্পচর্চা জাতিকে সমৃদ্ধ করে। দেশের সংস্কৃতি অঙ্গনে অভিনয়শিল্পীদের অবদান সমুন্নত রাখতে বর্তমান সরকার গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ সাধনসহ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমেদ, আফসানা মিমি, মাহফুজ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিমসহ কয়েক শ অভিনয় শিল্পী সম্মেলনে অংশ নেন।