অবশেষে যাত্রা শুরু করল শাওমির ২০১৯ সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 9 । গত মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে এই ফোন লঞ্চ করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। ফোনটিতে আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা আর Super AMOLED ডিসপ্লে।
একাধিক ভার্সনে চীনে এমআই-৯ ফোনটির দাম শুরু হচ্ছে ২,৯৯৯ ইউয়ান থেকে। সে অনুযায়ী, বাংলাদেশের বাজারে এই স্মার্টফোনটির দাম শুরু হতে পারে আনুমানিক ৩৮ হাজার টাকা থেকে। ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের ওপর চলবে কোম্পানির নিজস্ব স্ক্রিন এবং এতে থাকছে একটি ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের ওপরে ছোট্ট নচের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। ফোনের ভেতরে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
স্মার্টফোনটির ট্রিপল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই সেন্সরে থাকছে ৪ ইন ১ সুপার পিক্সেল টেকনোলজি। কম আলোতে ছবি তোলার সময় বেশি আলো ধরার জন্য চারটি পিক্সেল একসঙ্গে যোগ হয়ে একটি পিক্সেলের কাজ করবে। পিক্সেলের সাইজ চার গুণ হয়ে যাওয়ার কারণে কম আলোতেও ঝকঝকে ছবি তুলতে পারবে ফোন ক্যামেরাটি। এই ক্যামেরায় থাকছে এফ/১ দশমিক ৭৫ অ্যাপারচার। পিক্সেল সাইজ শূন্য দশমিক ৮ মাইক্রন।
সেকেন্ডারি ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরার সঙ্গে থাকছে একটি ১১৭ ডিগ্রি ওয়াইফড অ্যাঙ্গেল লেন্স। এফ/২ দশমিক ২ অ্যাপারচারের এই ক্যামেরার পিক্সেল সাইজ ১ দশমিক শূন্য মাইক্রন। মাত্র ৪ সেন্টিমিটার দূর থেকে এই ক্যামেরা ব্যবহার করে ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। ফোনের তৃতীয় ক্যামেরাটি একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই লেন্সে থাকছে ২ঢ অপটিক্যাল জুম। সেলফি তোলার জন্য ফোনটিতে থাকছে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। পেছনের ক্যামেরার ওপরে একটি বিশেষ কাচ ব্যবহার হয়েছে। দারুণ শক্ত এই কাচে কোনোভাবেই স্ক্র্যাচ পড়বে না বলে জানিয়েছে কোম্পানি। ফোনের ভেতরে থাকছে ৩,৩০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি।