মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূইয়ার হাট হাজি শেখ মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক স্বল্পতার কারণে মুখ থুবড়ে পড়েছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিচ্ছেন অভিভাবকেরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে জানা যায়, ২০১৪ সালে বিদ্যালয় বিহীন গ্রামে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি ঘোষণার পর চরচান্দিয়া গ্রামের সমাজ সেবক হাজি শেখ মোহাম্মদ ওই প্রাথমিক বিদ্যালয়ের নামে ১২ শতক জমি দান করেন। ২০১৬ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।
দুজন শিক্ষক দিয়ে যাত্রা শুরু করলেও গত পাঁচ মাস ধরে একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনকে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৬৯ শিক্ষার্থীকে একাই সামাল দিতে হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বিদ্যালয়টিতে দ্রুত শিক্ষক পদায়নের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় শিক্ষকরা ওই বিদ্যালয়ে কর্তব্য পালনে অনীহা প্রকাশ করেন। বদলি হয়ে অন্যত্র চলে যান। তিনি জানান, ওই বিদ্যালয়ে শিক্ষক পদায়নে জোর চেষ্টা চলছে।