কুমিল্লা নগরীর ঝাউতলায় মুন হসপিটালের ৯ তলার ল্যাবে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে হসপিটালের ৯ম তলায় অবস্থিত ল্যাবে বিদ্যুতের কম্পিউটার সংযোগের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কক্ষে। ওই সময় ল্যাবে কাজ করছিলেন কয়েকজন ল্যাব কর্মী।
আগুন লাগার পর কক্ষ থেকে বের হয়ে শোর চিৎকার করলে ফায়ার সার্ভিসে খবর দেয় কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় এখন পর্যন্ত ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য ফ্লোরে থাকা রোগী ও স্বজন, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আবু রায়হান দেশ রূপান্তরকে জানান, হাসপাতালটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি বলে জানান তিনি।