অসাধারণ এক শতকে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছিলেন শিমরট হেটমায়ার। এরপর বলহাতে দ্যুতি ছড়ালেন শেলডন কটরেল। তাতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্রিজটাউনে শুক্রবার ইংলিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৬ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে ক্যারিবীয়দের এটাই প্রথম জয়। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরল। একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড।
ক্যানিংটন ওভালে নির্ধারিত ৫০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় ২৬৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
ক্রিস গেইল ও জন ক্যাম্পবেলের ৬১ রানের ওপেনিং জুটিতে ভালো একটি শুরু পায় টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি ক্যাম্পবেল (২৩)। অর্ধশতক পূর্ণ করে আদিল রশিদের বলে বোল্ড হন গেইল। ৬৩ বলে খেলা তার ৫০ রানের ইনিংসটিতে রয়েছে একটি চার ও চার ছক্কা।
থিতু হয়ে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান শাই হোপ (৩৩) ও ড্যারেন ব্রাভো (২৫)। স্বাগতিক দল বড় সংগ্রহের রসদ পায় পাঁচ নম্বরে ব্যাট করতে নামা হেটমায়ারের ব্যাটে।
শুরু থেকে ব্যাটিংয়ে ঝড় তুলেন হেটমায়ার। ৪৭ বলে পূর্ণ করেন অর্ধশতক। পরের ৫০ পূর্ণ করেন মাত্র ৩৫ বলে। শেষ পর্যন্ত ১০৪ রানে অপরাজিত থাকেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। তার ৮৩ বলের ইনিংসটিতে চারের মার সাতটি; ছক্কার মার চারটি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকস ও আদিল রশিদ।
জবাবে ১০ রানেই দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। তবে মিডল অর্ডারে জো রুট (৩৬), ইয়ন মর্গান (৭০), বেন স্টোকস (৭৯) ও জস বাটলারের (৩৪) দৃঢ়তায় লক্ষ্যের দিকেই এগুচ্ছিল ইংল্যান্ড। কিন্তু ছন্দটা ধরে রাখতে পারেননি পরের সারির ব্যাটসম্যানরা।
দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফেরান কটরেল। নয় ওভারে ৪৬ রানে পাঁচটি উইকেট নেন কটরেল। তিন উইকেট নেন জেসন হোল্ডার।
ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন হেটমায়ার।
গ্রেনাডার কুইন্সপার্কে সোমবার হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।