চীনে তেল শোধনাগার এবং পেট্রো-কেমিক্যাল খাতে বিনিয়োগে এক হাজার কোটি ডলারের একটি চুক্তি সই করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চীন সফরে শুক্রবার এই চুক্তি সই হয় বলে জানিয়েছে আলজাজিরা।
এশিয়ার তিনটি দেশ সফরের অংশ হিসেবে চীন যান সৌদি যুবরাজ। দু’দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এর আগে পাকিস্তান ও ভারত সফর করেন বিন সালমান। পাকিস্তানে দুই হাজার কোটি ডলার আর ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ চুক্তিতে সই করে করে সৌদি আরব।
সৌদি যুবরাজ বাণিজ্য ও বিনিয়োগের জন্য এই অঞ্চলের (পূর্ব) প্রতি নজর দিয়েছেন। বিশেষ করে গত বছর তুরস্কে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি খুনের পর পশ্চিমা মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌদির। এরপর এশিয়ার এই অঞ্চলের দিকে নজর দেয় সৌদি নীতিনির্ধারকরা।
দুই বছর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চীন সফরে তেল শোধনাগার নির্মাণে চীনের সঙ্গে সাড়ে ছয় হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি সই হয়। বাণিজ্যিক খাতে বৈচিত্র্য আনতে এ ধরনের বিনিয়োগ বাড়িয়েছে সৌদি।
এদিকে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত করবে চীন।
এসময় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প এবং সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারে একমত হন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ।