পেয়ার কিয়া তো ডারনা ক্যায়া ও কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় পরস্পরের বিপরীতে অভিনয় করেছেন সালমান খান ও কাজল। তাও প্রায় দুই দশক আগের ঘটনা। এবার ভাইজান প্রযোজিত সিনেমায় অভিনয় করেছেন নায়িকার ভাতিজি।
নতুন এ ছবির নাম ‘নোটবুক’। প্রযোজনায় আছে সালমানের প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস। নায়িকার চরিত্রে আছেন বিখ্যাত অভিনেত্রী নূতনের নাতনি প্রনূতন বেহেল। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত জাহির ইকবাল।
প্রয়াত নূতন ছিলেন বলিউডের নামি অভিনেত্রী। তিনি কাজলের খালা। প্রনূতনের বাবা মনীশ বেহেলও বলিউডের পরিচিত অভিনেতা। তিনি সালমানের বন্ধু। একাধিক সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন।
সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। যেখানে দেখা যায়, কাশ্মীরে একটি স্কুলে পড়াতে এসে আগের শিক্ষকের নোটবুক হাতে পান নায়ক। লেখা পড়ে না দেখেই ভালোবেসে ফেলেন ওই তরুণীকে। অথচ জানেন না কোথায় তার দেখা মিলবে।
ছবির আবহে রয়েছে ডাল লেকের সৌন্দর্য, চিনার গাছের ছায়া আর ‘মিশন কাশ্মীর’-এ ব্যবহৃত ‘বুমরো’ গানটির নতুন সংস্করণ।
এর আগেও সিনেমায় নবাগতদের সুযোগ দিয়েছেন সালমান। ওই অভিনয়শিল্পীদের খুব কমই বলিউডে স্থান করে নিতে পেরেছেন। তবে কাশ্মীর, গল্পের চমক ও নতুন নায়ক-নায়িকাকে দেখে দারুণ কিছু পেতে যাচ্ছেন বলে অনেকের মন্তব্য। অবশ্য এ অনুমান কতটা ফলে দেখার জন্য মাসখানেক অপেক্ষা করতে হবে।