শাকিব খান ও দেব। ঢাকা ও কলকাতার সিনেমার দুই সুপারস্টার। শাকিব প্রযোজনায় অনিয়মিত হলেও দেব একের পর এক ছবি বানিয়ে যাচ্ছেন দুই বছর ধরে। এবার দুই দেশের দুই তারকা প্রযোজিত ও অভিনীত পরবর্তী সিনেমার নাম মিলে গেল।
দুই সিনেমার শিরোনাম হলো ‘পাসওয়ার্ড’। এ সিনেমার মাধ্যমে অনেক দিন পর পরিচালক মালেক আফসারির সঙ্গে জুটি হলেন শাকিব। প্রযোজনায় তার প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মস। নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলি ও ছোটপর্দার রানি আহাদ।
অ্যাকশনধর্মী সিনেমাটির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। শুটিং শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। মুক্তি পাবে ঈদুল ফিতরে।
অন্যদিকে দেবের সঙ্গে আরও অভিনয় করবেন রুক্মিণী মৈত্র, পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায় ও আদৃত। নির্দেশনা দিচ্ছেন দেবের আগের কয়েকটি সিনেমার পরিচালক কমলেশ্বর মুখার্জি।
কলকাতার ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। সম্প্রতি ফার্স্টলুক পোস্টার মুক্তি পেয়েছে। বোঝা যাচ্ছে অ্যাকশন-থ্রিলার গল্পে এগোবেন দেব ও তার বাহিনী। আর প্রেক্ষাগৃহে আসবে ৪ অক্টোবর।