থমথমে কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদীদের ধরতে চলছে অভিযান। তাদের নেতা ইয়াসিন মালিককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার বাধ্য হয়ে জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত ১০ হাজার আধাসামরিক বাহিনী নিয়োগ করেছে ভারত সরকার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জরুরি ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার পর কেন্দ্র থেকে নোটিশ জারি করে শ্রীনগরে সেনা পাঠানোর ব্যবস্থা করা হয়।
১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় ভারতের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। হামলার জন্য ভারত শুরু থেকে পাকিস্তানকে দায়ী করছে। সেই থেকে ওই অঞ্চলে যুদ্ধের আবহাওয়া বিরাজ করছে।
ভারতীয় গোয়েন্দারা বলছেন, গত বছর ডিসেম্বর মাসে ২১ জনের জঙ্গি দল কাশ্মীরে প্রবেশ করেছে। যেখানে তিনজন আত্মঘাতী জঙ্গিও রয়েছে। একাধিক বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে তাদের।
ইয়াসিন মালিকের মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের এত দিন নিরাপত্তা দিত ভারত সরকার। আন্দোলনের শঙ্কায় তাদের এখন গ্রেপ্তার করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।