মুক্তির আগে থেকে রণবীর সিং ও আলিয়া ভাটের ‘গলি বয়’ নিয়ে উত্তেজনা ছিল দর্শক মহলে। মুক্তির পর সেই উত্তেজনার পারদ আরও চড়তে থাকে। বক্স অফিসে সফল হলেও কাঙ্ক্ষিত ১০০ কোটি ক্লাবে উঠতে পারেনি এখনো।
প্রথম সপ্তাহে ৯৫ কোটি রুপি ব্যবসা করেছে ‘গলি বয়’। অর্থাৎ, একটুর জন্য প্রথম সপ্তাহে ১০০ কোটির ক্লাবে স্থান পেল না ছবিটি।
তবে গত সপ্তাহের শুরুতে ভালোই ব্যবসা করেছিল ‘গলি বয়’। জয়া আখতার পরিচালিত এই সিনেমা সাধারণ দর্শক থেকে শুরু করে গোটা বলিউডের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ টুইটারে ‘গলি বয়’-এর ব্যবসার পরিসংখ্যান প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, দেশের বাইরে দারুণ চলছে ‘গলি বয়’। আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার পর্যন্ত ৪২ কোটি রুপির ব্যবসা করেছে।
ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কারণে ‘গলি বয়’ কিছুটা সুবিধা পেয়েছিল বলে মনে করছেন কেউ কেউ। তবে সবাই একমত যে, প্লট ও গানের দিক থেকে দর্শকদের একদমই এক নতুন ঘরানার ছবি উপহার দিয়েছেন জাভেদ আখতারের মেয়ে জয়া।
এখনো সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ রয়েছে। তাই বলা যায়, শিগগিরই ১০০ কোটির ক্লাবে ঢুকবে ‘গলি বয়’। এমনটা ঘটলে এই ক্লাবে পঞ্চম ছবি হবে রণবীরের। পরপর তিনটি ছবি ১০০ কোটির ব্যবসা করার হ্যাটট্রিকও করবেন। অন্যদিকে আলিয়ার জন্য হবে শত কোটির চতুর্থ সিনেমা।