প্রথম টেস্ট তাহলে খেলছেন না মুশফিক!

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের আগেও তাকে নিয়ে ছিল শঙ্কা। পুরোনো পাঁজরের চোট চোখ রাঙাচ্ছিল। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন মুশফিকুর রহিম।

কিন্তু ডানেডিনে শেষ ওয়ানডে খেলতে নেমে আবার ডান হাতে বুড়ো আঙুলে চোট পান মুশফিক। সেটার সঙ্গে যোগ হয় কবজির পুরোনো ব্যথা। দুই মিলে ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত মুশফিকুর রহিম। শুধু অনিশ্চিত বললে ভুলই হবে। যত দূর খবর মিলছে তাতে মুশফিক যে হ্যামিল্টনে খেলছেন না সেটি ধরে নেওয়াই যায়।

টেস্ট সিরিজ শুরুর আগে শনিবার থেকে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। চোটগ্রস্ত মুশফিক এই প্রস্তুতি ম্যাচে নেই। বরং ব্যান্ডেজ হাতে দর্শক হয়ে বসে থাকতে হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

মুশফিকের হাতের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী দুই সপ্তাহ ডানহাতে কিছু করতে পারবেন না। অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি শুরু প্রথম টেস্ট থেকে যে ছিটেকে গেছেন মুশফিক এটা ধরে নেওয়াই যায়। এখন ৮ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কিনা সেটিই বরং দেখার।

বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পাড়ি দেওয়ার আগে থেকেই চোটের মিছিল শুরু হয়। প্রথমে বিপিএলের ম্যাচে চোটে পড়ে তাসকিন আহমেদ ছিটকে যান ওয়ানডে ও টেস্ট দল থেকে। এরপর বিপিএলের ফাইনালে পাওয়া চোট পুরো সফর থেকে ছিটকে দেয় টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে।

দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং চোটে পড়ে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি মোহাম্মদ মিঠুন। যিনি খেলছেন না দুই দিনের প্রস্তুতি ম্যাচটিতেও। এবার সেই মিছিলে যোগ হলেন মুশফিকুর রহিম।