রাজধানীতে শিশুসহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রাজধানীর হাজারীবাগে ২ অটো রিকশার মধ্যে সংঘর্ষে মণির হোসেন (৫২) ও উত্তরায় বাস চাপায় তানভীর (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাজারীবাগে ও বিকেল সোয়া ৩টার দিকে উত্তরায় পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ব্যাটারি চালিতো ২ অটো রিকশার মধ্যে সংঘর্ষে মণির হোসেন ও উত্তরা ১০ নম্বর সেক্টরে যাত্রীবাহী বাস চাপায় মাদ্রাসা ছাত্র তানভীর (১৪) নিহত হন।

মণির হোসেন মাদারীপুর কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। মিরপুর ২ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের, এইচ-ব্লক নিবাসী মণির পেশায় স্যানিটারি মিস্ত্রি কাজ করতেন। নিহত মণির হোসেনের ভাগনে মোহাম্মদ জসিম জানান, দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন মণির। পরিবারের সবাই গ্রামে থাকেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ শাহিন জানান, ভেরিবাদ সংলগ্ন শেখ রাসেল স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা দুইটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মণির হোসেন রাস্তায় পড়ে গেলে তার ওপর দিয়ে অপর অটোরিকশাটি উঠে যায়। এ ঘটনায় অপর আহত ব্যক্তি আনোয়ার হোসেনসহ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মণির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, কুমিল্লা দাউদকান্দি উপজেলার লাল মিয়ার ছেলে তানভীর এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করত। কয়েক দিন আগে ঢাকায় উত্তরা ১০ নম্বর সেক্টরে বাবার সঙ্গে মামার বাসায় বেড়াতে আসে সে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, আজ বেলা সোয়া ৩টার দিকে বাসার সামনের ফুটপাথে দাঁড়িয়েছিল তানভীর। এ সময় বিকাশ পরিবহনের ২টি যাত্রীবাহী বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তানভীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।