পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য অবৈধ কারখানার মালিকদের দায়ী করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
শনিবার চকবাজারের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তৌফিক-ই-ইলাহী সাংবাদিকদের বলেন, ‘যারা এখানে অবৈধ ফ্যাক্টরি করেছেন, তারাই সব থেকে বেশি দায়ী। ফ্যাক্টরি করে আন্ডারগ্রাউন্ডে কেমিক্যাল রেখেছেন। এখানে কোনো ফ্যাক্টরি করার আইন নেই।’
তিনি বলেন, ‘সিলিন্ডার গ্যাসকে বলে এলপিজি গ্যাস। এগুলো ঘনবসতি জায়গায় রাখার ঝুঁকি আছে। এ ব্যাপারে একটা কমিটি হয়েছে। কমিটি আমাদের একটা সুপারিশ দেবে। মাসখানেকের মধ্যেই এই প্রতিবেদন হাতে পাব বলে আশা করছি।’
ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক কারখানা করা অপরাধ মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এতগুলো মানুষের প্রাণহানি হলো। চকবাজারের বাসিন্দারা রাসায়নিক কারখানার মালিকদের চিহ্নিত করে প্রশাসনকে জানাতে পারেন। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া তো কিছু করা সম্ভব নয়। আশা করি সাধারণ মানুষ সহযোগিতা করবেন। এই শিল্পটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘আমরা নিমতলী অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিইনি বললে হবে না। এ ঘটনার পর আমরা তখন ভালোভাবে দেখেছি ইলেকট্রিক লাইন বা গ্যাসের কারণে কিছু হয়েছিল কি না। নিমতলীর ঘটনার পর সবাইকে কিন্তু বলা হয়েছিল, আপনারা কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নিন। এগুলো দাহ্য পদার্থ। একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে শিল্পনগরী গড়ে তোলা হবে।’