পৌর নির্বাচন

পটুয়াখালীতে ‘বিদ্রোহী’ প্রার্থীর ক্যাম্প ভাঙচুর

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের নির্বাচনী ক্যাম্পে আবারও হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে চকবাজার, কাটপট্টিসহ তিনটি ক্যাম্পে এ ভাঙচুর চালানো হয়। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রার্থী মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাত ৯টায় মোটরসাইকেল শোডাউন নিয়ে ২৫-৩০ জনের একটি দল হামলা চালিয়ে চকবাজার, কাটপট্টি নির্বাচনী ক্যাম্পের চেয়ার, টেবিল ভাঙচুর করে। ক্যাম্পের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলে। এর আগের রাতে সাত নম্বর ওয়ার্ডের একটি অফিসে ভাঙচুর করা হয়। এসব ঘটনা জেলা রিটার্নিং অফিসার ও পুলিশকে অবহিত করা হয়েছে। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ভাঙচুরের সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সহিংসতা রোধে তৎপর রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।