ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। এখন চলছে শেষ সময়ের প্রচার। মিছিল-মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা। নবগঠিত ৩৮ নম্বর ওয়ার্ডেও একই চিত্র। এলাকার মোড়ে মোড়ে অস্থায়ী ক্যাম্পে চলছে ভোটের প্রচার। ভোটাররা চান, মাদকমুক্ত ও উন্নত সড়ক যোগাযোগের একটি ওয়ার্ড। রাস্তা দখল করে বাজার বসায় ভোগান্তির কথা জানালেন কেউ কেউ। ওয়ার্ডটি মোল্লাপাড়া, আদর্শনগর, উত্তর বাড্ডার পূর্বপাড়া, ময়নারটেক, বাওয়ালীপাড়া, আব্দুল্লাহবাগ, মিছরীটোলা ও হাজীপাড়া নিয়ে গঠিত।
গতকাল শনিবার এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়ক থেকে শুরু করে অলিগলিতে ছেয়ে গেছে ব্যানার-পোস্টারে। কর্মী-সমর্থকরা প্রচারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিকেলে মিছিল করেছেন একাধিক প্রার্থী। এখানে কাউন্সিল দৌড়ে আছেন লাটিম প্রতীকের শেখ সেলিম, ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম ও ঘুড়ি প্রতীকের মো. ফরিদ মোল্লা। রাস্তার উন্নয়ন দরকার উল্লেখ করে ভোটার আবদুল হাই বলেন, ‘আমি এলাকায় প্রায় ১০ বছর ধরে আছি। এখানে সড়ক বানানো হলেও রক্ষণাবেক্ষণের অভাব ও খোঁড়াখুঁড়ির কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আগে দরকার নতুন গলির রাস্তা নির্মাণ ও পুরাতনগুলো ঠিক করা, যাতে বর্ষাকালে পানি না জমে।’
নাম না প্রকাশ করে আরেক বাসিন্দা জানান রাস্তায় বাজার বসানোর কারণে সৃষ্ট দুর্ভোগের কথা। তিনি বলেন, ‘মধ্যবাড্ডার কাঁচাবাজারে প্রতিদিন কিছু লোক অবৈধভাবে রাস্তা দখল করে সবজির ব্যবসা করে। যার কারণে সৃষ্টি হয় যানজট। অবিলম্বে এর সমাধান দরকার। রাজ্জাক নামে এক তরুণ ভোটার বলেন, ‘আমাদের খেলতে যেতে হয় আফতাবনগরে, এলাকায় একটি খেলার মাঠ খুব দরকার।’ মাদকের আগ্রাসন আরও কমা দরকার উল্লেখ করে এক বাসিন্দা জানান, সরকারের মাদকবিরোধী অভিযানের কারণে এলাকায় আগের তুলনায় মাদকের বিস্তার কমেছে, তবে এখনো কোনো কোনো স্থানে গোপনে চলছে মাদক বিক্রি ও সেবন। এগুলো বন্ধ হওয়া দরকার। এলাকার মোট ভোটারসংখ্যা ৫০ হাজার ৪২৫ জন। মোট ভোটকেন্দ্র ২০টি।