আনিসুল হকের পরিকল্পনা এগিয়ে নিতে চান আতিকুল

ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রয়াত মেয়র আনিসুল হকের ‘বাস রুট পুনর্বিন্যাস’ পরিকল্পনা বাস্তবায়ন করতে চান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল শনিবার মিরপুর ১ নম্বরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আতিকুল বলেন, ‘যানজট নিয়ে আমাদের প্রয়াত আনিস ভাই একটা কাজ করে গেছেন ছয়টি বাস কোম্পানি নিয়ে। এটি নিয়ে আমাকে গভীরে যেতে হবে। কোন জায়গায় কাজটি আটকে আছে। কোন জায়গায় ফাইলটি পড়ে আছে। কোন জায়গায় মিটিং করতে হবে। সেগুলো দেখতে হবে। যানজট থেকে অবশ্যই উদ্ধার করতে হবে আমাদেরকে। সমস্ত সংস্থাগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারলে এটা দূর করা সম্ভব। এটিকে সহনীয় পর্যায়ে আনতে হলে আমাদের একত্রে কাজ করতে হবে।’ সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়াত মেয়র আনিসুল হকের ‘বাস রুট পুনর্বিন্যাস’ পরিকল্পনাতে ছিল ঢাকায় রুটের সংখ্যা কমিয়ে ২২টি করা এবং ২৪৬টি কোম্পানিকে নিয়ে ছয়টি কোম্পানি গঠন করা। প্রতিটি কোম্পানির বাসের রং হবে ভিন্ন। পুরনো বাসের বদলে ঢাকায় নামানো হবে ৪ হাজার নতুন বাস। এ পদ্ধতিতে একটি রুটে একটি কোম্পানির বাস চলবে। কোম্পানির অধীনে চলা বাসগুলো সমানভাবে মুনাফা পাবে। নির্ধারিত সময় পর বাস আসবে। যাত্রী পেতে রেষারেষি থাকবে না, প্রতিযোগিতাও থাকবে না। মোড় ‘দখল’ করে যাত্রী তোলার প্রবণতা দূর হলে যানজটও কমবে। ২০১৭ সালের এই উদ্যোগ পরে আর আলোর মুখ দেখেনি।